সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি


আব্দুর রশিদ সাতক্ষীরা। প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি পূরণ না হলে সারা দেশের প্রায় সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে কর্মচারীদের একটি বিক্ষোভ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শাখা ডাকঘরের পোস্টমাস্টার ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত কম বেতনে কাজ করে আসছেন, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অপ্রতুল। বক্তাদের ভাষ্য অনুযায়ী, মাসে মাত্র ৪,৪৬০ টাকা বেতনে জীবনধারণ করা কঠিন হয়ে পড়েছে, যা দৈনিক হিসেবে প্রায় ১৫০ টাকার সমান।

তারা অভিযোগ করেন, সরকারি দপ্তরে দায়িত্ব পালন করলেও তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন আন্দোলনকারীরা। এর আগে শান্তিপূর্ণভাবে ‘কলম ধর্মঘট’ পালন করা হলেও কোনো সমাধান না আসায় এবার রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।

আন্দোলনকারীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি করা এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৬ জুলাই (সোমবার) দাবি বাস্তবায়ন না হলে দেশের প্রায় ৮,৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হবে। এতে ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনকারীরা সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।