মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্প বন্ধের অভিযোগে মানববন্ধন


স্টাফ রিপোর্টার, মারিয়া খাতুন প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্প বন্ধের অভিযোগে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন প্রকল্পের কাজ সংসদ সদস্যের মৌখিক নির্দেশে বন্ধ হয়ে গেছে—এমন অভিযোগ তুলে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

অভিযোগে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় চলমান এই প্রকল্পের কাজ ২০২৬ সালের এপ্রিল মাসে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বন্ধ করা হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্স ও মেসার্স মা এন্টারপ্রাইজ কাজ বন্ধ রাখে বলে দাবি করা হয়।

প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবরে অনুমোদিত হয় এবং প্রায় ২০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। স্থানীয়দের দাবি, প্রকল্পটির জন্য ১০ জন জমিদাতা সরকারের অনুকূলে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

জমিদাতা ও এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বাস্তবায়িত হলে তারা আর্থিক ক্ষতিপূরণ দাবি করবেন। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণসামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রকল্পটি বর্তমান স্থানেই দ্রুত চালুর দাবি জানান। তাদের মতে, এ প্রতিষ্ঠান চালু হলে মঠবাড়িয়াসহ আশপাশের কয়েকটি উপজেলার হাজারো শিক্ষার্থী কারিগরি শিক্ষার সুযোগ পাবে।