
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
চিঠিতে তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে স্বাধীনতা, ত্যাগ, মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এই ২৫০ বছরের যাত্রা শুধু আমেরিকার নয়, বরং বিশ্বসভ্যতার অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন অগ্রযাত্রায় একজন গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারত্বে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা ও মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চিঠির শেষাংশে তারেক রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। এ ঘটনায় কূটনৈতিক অঙ্গনে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :