
ফিফা বিশ্বকাপে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচ চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ব্রাজিল সমর্থককে হাত-পা বেঁধে জোরপূর্বক সেভেন আপ খাওয়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা কয়েকজন শিক্ষার্থী এক ব্রাজিল সমর্থক শিক্ষার্থীর হাত-পা বেঁধে মাটিতে শুইয়ে রাখেন। পরে তাকে জোর করে সেভেন আপ পান করানোর দৃশ্য দেখা যায়। এ সময় আশপাশে থাকা কয়েকজনকে উল্লাস করতেও দেখা যায়।
ঘটনার পেছনে ফুটবল ম্যাচের উত্তেজনাকেই কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ম্যাচ চলাকালে কেপ ভার্দের করা গোলে উল্লাস প্রকাশ করায় ওই ব্রাজিল সমর্থককে এভাবে হেনস্তা করা হয়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মাঠের খেলায় শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেজের দারুণ থ্রু পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন মেসি।
তবে কেপ ভার্দেও দারুণ লড়াই করে। ম্যাচের ৫৯তম মিনিটে লারোস দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতায় ফেরে আফ্রিকার দলটি। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে কর্নার থেকে লিসান্দ্রো মার্তিনেজ গোল করে আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দেন। কিন্তু ১০৪তম মিনিটে সিডনি ক্যাব্রালের দুর্দান্ত শটে আবার সমতায় ফেরে কেপ ভার্দে।
শেষ পর্যন্ত কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ম্যাচের তৃতীয় ও জয়সূচক গোলটি পায় আর্জেন্টিনা। ৩-২ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মিশর।
আপনার মতামত লিখুন :