
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার দেওয়ানগঞ্জ বাজারের আফরুজা সুপার মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি জাহিদুর রহমান সঞ্চয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ খান রাসেল এবং সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমান সোহান।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেক ও পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় ব্যবসায়ীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি তাঁর বক্তব্যে বাজারের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন এবং দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচন-২০২৬-এর নির্বাচন কমিশনারবৃন্দ।
এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে ব্যবসায়ীরা বাজারের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :