খারনৈ ইউনিয়নকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার মোস্তাক আহমেদ পলাশের


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
খারনৈ ইউনিয়নকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার মোস্তাক আহমেদ পলাশের

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৬ নম্বর খারনৈ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাক আহমেদ (পলাশ) মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গণসংযোগে তাঁর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ (পলাশ) তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা হিসেবে এলাকায় পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি সাবেক ছাত্রদল ও যুবদল নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি, কলমাকান্দা উপজেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সম্প্রতি ইউনিয়নের হতদরিদ্র পরিবার, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এতে সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলে দাবি স্থানীয়দের।

নির্বাচনী লক্ষ্য সম্পর্কে মোস্তাক আহমেদ (পলাশ) বলেন, তিনি খারনৈ ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং আধুনিক ও স্মার্ট মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। কৃষক, সাধারণ মানুষ ও তরুণদের অধিকার প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের একাংশের মতে, একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতা নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট, উন্নয়ন কর্মকাণ্ড এবং ডিজিটাল অগ্রগতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী।