২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার 

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানিসহ সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত গম আমদানিতে সরকারের মোট ব্যয় হবে প্রায় এক হাজার ৫২ কোটি ৪০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন ক্রয় প্রস্তাব পর্যালোচনা করা হয়। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের গম আমদানিসংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন পায়।

প্রথম প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৩-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন (৫ শতাংশ কম-বেশি) গম আমদানি করা হবে। এ গম সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এই চালানের প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ টাকা।

এ ছাড়া সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এতে সরকারের ব্যয় হবে আনুমানিক ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

দুটি প্রস্তাবের মাধ্যমে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। সরকারের আশা, এ আমদানির ফলে দেশের খাদ্যশস্যের মজুত আরও শক্তিশালী হবে এবং বাজারে গমের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের দামের ওঠানামা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সময়মতো গম আমদানি নিশ্চিত করা খাদ্য নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে সরকার প্রয়োজনীয় খাদ্যশস্যের মজুত ধরে রাখতে নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজার থেকে গম সংগ্রহ করছে।