
বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে। বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব: ও বিপ:) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিপিসির আওতাধীন বিভিন্ন তেল বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোগুলোতে বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রম বুধবার সম্পন্ন করা হবে।
এ কারণে ওই দিন চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনার বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপিসির আদেশে বলা হয়েছে, দেশি-বিদেশি এয়ারলাইন্সে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোর জেট এ-১ (Jet A-1) মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে।
বিপিসি জানিয়েছে, বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই সাময়িকভাবে ডিপো ও স্থাপনাগুলোর বিপণন কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। এ সংক্রান্ত নির্দেশনার অনুলিপি যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :