
কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এর আগে, গত রোববার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হন। নিহত অপর ব্যক্তি ছিলেন একজন ভারতীয় নাগরিক।
জানা যায়, ঘটনার দিন পাঁচ বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।
নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন—গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং জানায়, নিহতদের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।
দূতাবাস আরও জানায়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় প্রবাসীদের মরদেহ স্বজনদের কাছে দ্রুত হস্তান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রিয়জনদের মরদেহ দেশে ফিরে আসায় কানাইঘাটের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। দীর্ঘদিন পরিবারের স্বপ্ন পূরণে প্রবাসজীবন কাটানো পাঁচজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আপনার মতামত লিখুন :