হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই রোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৪৪ জন। এ সময়ে ৪৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়ায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি। বিশেষ করে টিকাদান কার্যক্রমের আওতায় শিশুদের আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।