
নারায়ণগঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামী রোববার (২৮ জুন) ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর কাজের কারণে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা নারায়ণগঞ্জের ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
তিতাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত এসব এলাকার পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কমে যেতে পারে অথবা সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে থাকা বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :