
কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’তে আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সফল সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করা সৌরভ গাঙ্গুলীর জায়গায় এবার দায়িত্ব নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব। বেশ কয়েকদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে দেব নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন যাত্রা শুরু করছি।’ একই পোস্টে তিনি অনুষ্ঠানটি সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলকেও উল্লেখ করেন।
দেবের এই ঘোষণার পর থেকেই ভক্ত ও দর্শকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিন সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায় ‘দাদাগিরি’ দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে নতুন সঞ্চালক হিসেবে দেব কী ধরনের পরিবর্তন আনবেন এবং নিজের স্বতন্ত্র উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানটিকে কীভাবে নতুন মাত্রা দেবেন—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
এরই মধ্যে কলকাতার বিভিন্ন স্থানে ‘দাদাগিরি’র নতুন মৌসুমের প্রচারণামূলক ভিডিও ও দৃশ্য ধারণের কাজও সম্পন্ন করেছেন দেব। যদিও সেই প্রচারণার ছবি কিংবা ভিডিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে অনুষ্ঠানটির নতুন রূপ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
অন্যদিকে অভিনয় ও প্রযোজনার পাশাপাশি দেবের ব্যস্ততা বেড়েছে নতুন সিনেমা নিয়েও। সম্প্রতি তার পরিচালিত নতুন সিনেমা ‘দেশু ৭’-এর পোস্টার প্রকাশ করা হয়েছে, যা ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়তে শুরু করেছে।
এদিকে পশ্চিমবঙ্গের টেলিভিশন অঙ্গনেও একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি দীর্ঘদিনের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নম্বর ওয়ান’-এর নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বিনোদন জগতে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানগুলোর সঞ্চালনায় নতুন মুখ আসায় দর্শকদের আগ্রহও বেড়েছে।
আপনার মতামত লিখুন :