
বিশ্বকাপের গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে নিশ্চিত হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার নকআউট পর্বের প্রতিপক্ষ। শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে।
শনিবার (২৭ মে) হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। টানা তিন ম্যাচে ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে দেশটি। তাদের এই সাফল্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
মাত্র পাঁচ লাখেরও কম জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি এবারের বিশ্বকাপে এসে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে তারা দেখিয়েছে, অভিজ্ঞতার ঘাটতি থাকলেও রক্ষণ ও দলীয় সংহতিতে তারা পিছিয়ে নেই।
অন্যদিকে গ্রুপ ‘জে’-তে এক ম্যাচ হাতে রেখেই দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের শীর্ষ দল শেষ ৩২-এর ম্যাচে খেলবে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে। সেই হিসাবেই মেসিবাহিনীর প্রতিপক্ষ হয়েছে কেপ ভার্দে।
নকআউট পর্বের প্রথম ধাপেই উরুগুয়ে বা স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে এড়াতে পারায় আর্জেন্টিনার জন্য এটি কিছুটা স্বস্তির খবর। তবে কাগজে-কলমে এগিয়ে থাকলেও কেপ ভার্দেকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে কেপ ভার্দে। বিশেষ করে তাদের শক্তিশালী রক্ষণভাগ বড় দলগুলোর জন্যও চ্যালেঞ্জ তৈরি করেছে।
অন্যদিকে আর্জেন্টিনাও রয়েছে দুর্দান্ত ছন্দে। নকআউট পর্বের আগে গ্রুপ পর্বে শতভাগ জয় ধরে রাখার লক্ষ্য নিয়ে শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপরই শুরু হবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার আসল পরীক্ষা।
আপনার মতামত লিখুন :