
সুনামগঞ্জের ছাতকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্ধারিত সময়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সরকারের এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব। সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমদ, ডা. শরিফ, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি শহিদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অবহিতকরণ সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, কার্যক্রম ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :