‘রিকশায় চড়া অনেকেই এখন প্রাডোতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
‘রিকশায় চড়া অনেকেই এখন প্রাডোতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন’

আগে রিকশায় চলাফেরা করতেন, এখন দামি গাড়ি (প্রাডো) ব্যবহার করে কেউ কেউ ‘জুলাই চেতনা’ বিক্রি করছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, “আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি।”

তিনি বলেন, জুলাই কোনো বিক্রির বিষয় নয়। যারা আগে সাধারণ জীবনযাপন করতেন, এখন তারা বিলাসবহুল গাড়িতে চলাফেরা করছেন এবং জুলাই চেতনার কথা বলছেন—এমন ব্যক্তিদের সমালোচনা করেন তিনি।

এমপি আক্তারুজ্জামান বলেন, “অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি যে গাড়িতে চড়তাম, নির্বাচনের সময় সেই গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি এখনো সেই গাড়িতেই চড়ি।” তিনি আরও বলেন, যারা জুলাই চেতনা নিয়ে কথা বলেন, তাদের উচিত আগে ও বর্তমানের জীবনযাত্রার পার্থক্য জনগণের সামনে তুলে ধরা। তারা কোথায় থাকেন, কীভাবে জীবনযাপন করছেন—এসব বিষয় জনগণ দেখলে বাস্তবতা বুঝতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

বাজেট প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, চিকিৎসা ও সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কর সুবিধাসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়া হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, সঠিক ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি জুলাইয়ের চেতনাকেও ধারণ করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা ও জুলাই—দুটিই দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এগুলোকে অন্তরে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।