হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ শিশু। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯ জন। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৭৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৮৬ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জনের।

এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।