‘কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ’ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
‘কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ’ 

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এস এন মো. নজরুল ইসলাম বলেন, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে চলছে পবিত্র মহররম মাস। এসব বিষয়কে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

তিনি বলেন, রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, দিনের বাকি সময়েও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না। ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।