প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

মাঠে বল পায়ে নেতৃত্ব দেওয়ার পর এবার অভিনয়ের জগতে নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগানের একটি মাঠে সিরিজটির শুটিং শুরু হয়।

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ৮ পর্বের এই সিরিজটি পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। এর আগে তিনি ক্রিকেট ও ফুটবলারদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন।

জামাল ভূঁইয়া জানান, গত কয়েক মাস ধরে সিরিজটি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছিল। শুরুতে অভিনয়ে আগ্রহ না থাকলেও নির্মাতার অনুরোধ ও উৎসাহে শেষ পর্যন্ত তিনি এতে যুক্ত হন। চার বছর আগে একই ধরনের একটি প্রস্তাব পেলেও সময়ের অভাবে তখন কাজ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

অভিনয় অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, আগে কখনো অভিনয় করেননি এবং ভবিষ্যতে করবেন—এমনও ভাবেননি। তবে শুটিংয়ের পুরো প্রক্রিয়াকে তার কাছে “ম্যাজিকাল” মনে হয়েছে। বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অভিনয় সম্পূর্ণ ভিন্ন ও চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ দিক হলো, সিরিজটির শুটিং হচ্ছে কলাবাগানের সেই মাঠে, যেখানে জামাল ভূঁইয়ার ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল। ফলে এই স্থানটি তার জন্য আবেগ ও স্মৃতিবিজড়িত।  ‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তারিক মুহাম্মদ হাসান। এছাড়া এতে আরও অভিনয় করছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ।

নির্মাতার পূর্ববর্তী কাজগুলোর মধ্যে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, ক্রিকেটার জাহানারা আলম এবং সাবেক ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে নির্মিত নাটক উল্লেখযোগ্য সাড়া ফেলেছিল। আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। ফলে ফুটবল মাঠের পরিচিত অধিনায়ক অভিনয়ের মঞ্চে কতটা সাফল্য আনতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।