সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ 

সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ এ তথ্য জানিয়েছেন।

আরব নিউজ ও সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন সিরিজ Breaking Bad-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই অভিনেতা ‘কালেমা শাহাদাহ’ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

তুর্কি আল-শেখ জানান, ইসলাম গ্রহণের পর জিয়ানকার্লো এসপোসিতো একটি স্থানীয় মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজও আদায় করেন। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

দীর্ঘ অভিনয়জীবনে জিয়ানকার্লো এসপোসিতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। বিশেষ করে Breaking Bad, Better Call Saul এবং The Mandalorian-এ তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং একাধিক পুরস্কারের মনোনয়ন পান।

তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়, তাদের জীবনধারা এবং ইতিবাচক অভিজ্ঞতা এসপোসিতোর ওপর গভীর প্রভাব ফেলে। এর পরই তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, সৌদিতে শুটিংয়ের সময় পাওয়া আতিথেয়তা এবং স্থানীয় মানুষের আন্তরিক আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই হলিউড তারকা। বর্তমানে এসপোসিতো সৌদিতে নির্মাণাধীন বড় বাজেটের চলচ্চিত্র Seven Dogs-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। চলচ্চিত্রটি সৌদি আরবের বিনোদন শিল্পে অন্যতম বড় প্রযোজনা হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, বিনোদন ও চলচ্চিত্র খাতকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক বিনিয়োগ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক নির্মাতা, শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে নানা উদ্যোগও গ্রহণ করেছে দেশটি।