
সুনামগঞ্জসহ দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাস্থ্যসেবায় এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আইসিইউ সেবার উদ্বোধন করেন। একই সময়ে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলো ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধনে অংশ নেয়।
নতুন চালু হওয়া আইসিইউ সেবা পাওয়া হাসপাতালগুলোর মধ্যে রয়েছে— সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা সদর হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব আইসিইউ ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম হিসেবে পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সংযোজন করা হয়েছে। পাশাপাশি ইউনিটগুলো সচল রাখতে দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে, যাতে রোগীরা সার্বক্ষণিক নিবিড় পরিচর্যা সেবা পান।
এ উদ্যোগের ফলে এখন থেকে প্রান্তিক জেলা পর্যায়েই জটিল রোগীদের জরুরি চিকিৎসা প্রদান সম্ভব হবে। এতদিন এসব সেবার জন্য রোগীদের ঢাকাসহ বড় শহরের ওপর নির্ভর করতে হতো, যা সময় ও খরচের দিক থেকে ছিল ভোগান্তিকর এবং অনেক ক্ষেত্রে জীবনহানির কারণও হতো।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, জেলা পর্যায়ে আইসিইউ সেবা সম্প্রসারণের ফলে চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে, দ্রুত ও কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা পাবে।
আপনার মতামত লিখুন :