
জামালপুরের মাদারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ, মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌর শহরের চাঁদপুর নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারগঞ্জ মডেল থানার এসআই ওয়াজিউর রহমান, এসআই শামসুজ্জামান ও এএসআই মজিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। আটক ব্যক্তি হলেন প্রদীপ রবি দাস (৩৮)। এ ঘটনায় আরও দুই আসামি সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বু পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টায় মাদারগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে চর গাবেরগ্রাম এলাকায় একটি চক্র দেশীয় বাংলা মদ তৈরি ও বিক্রি করছে। পরে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের বসতঘরের খাটের নিচ, রান্নাঘর এবং টিউবওয়েলের পাড়ের নিচ থেকে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা উপকরণের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৪ পুটলা চিটা গুড় (প্রায় ১৭ কেজি) উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ২ হাজার ৪০ টাকা। একই সঙ্গে সাড়ে ৮ লিটার দেশীয় চোলাই মদও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৪০০ টাকা।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়, পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।পুলিশের এই অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :