
সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থের পরিচিতি ও বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য-সচিব মো. খালেদ মিয়া, মো. আক্তারুজ্জামান, মো. সাকির আমীন, মো. মোশাহিদ আলী, মাহমুদ আলী, অজিত কুমার দাশ, নাজমুল হুসেন জুয়েল, জাহাঙ্গীর হুসেন চৌধুরী, মো. ফজল উদ্দিন, ফারুক আহমেদ নোমান, আবুবকর চৌধুরী, দিলোয়ার হুসেন, মো. লোকমান হুসেন, পাপলু মিয়া, মোহাম্মদ আলীসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও সামাজিক দায়বদ্ধতার সংকট উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অনুশাসন এবং গণমাধ্যমকে একযোগে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা উল্লেখ করেন, সচেতনতামূলক সাহিত্য ও গ্রন্থ সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতে পারে।
বক্তারা আরও বলেন, একজন লেখকের সৃজনশীল চিন্তা যেমন মানুষকে ইতিবাচক পথে অনুপ্রাণিত করতে পারে, তেমনি গণমাধ্যমও জনসচেতনতা সৃষ্টি এবং সমাজকে আলোকিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই একটি পরিচ্ছন্ন ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে লেখক ও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে লেখক মাওলানা শামীম আহমদ তাঁর গ্রন্থ রচনার উদ্দেশ্য ও পটভূমি তুলে ধরে বলেন, আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নৈতিক শিক্ষা, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দায়িত্ববোধ ও ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বইটির মাধ্যমে পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক চিন্তার বিকাশ ঘটানোর প্রয়াস নেওয়া হয়েছে।
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে গ্রন্থটির কপি বিতরণ করা হয়। এ সময় বইটি নিয়ে সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
আপনার মতামত লিখুন :