২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫০ জন ডেঙ্গু রোগী। রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৪ জন, খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে ১২ জন পুরুষ এবং ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে, ১৩ জন। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং মে মাসে একজন মারা গেছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৫৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।