রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে হঠাৎই আলোচনায় আসে লিওনেল মেসি ও রেফারির মধ্যকার উত্তপ্ত বাকবিতণ্ডা। ম্যাচের এক পর্যায়ে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে।

ঘটনাটি ঘটে প্রথমার্ধে সুইজারল্যান্ডের একটি ফ্রি-কিকের আগে। আর্জেন্টিনার রক্ষণ দেয়ালে থাকা মেসিকে নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন রেফারি পিনেইরো। তবে রেফারির কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি আর্জেন্টাইন অধিনায়কের। এ সময় মেসিকে রেফারির দিকে আঙুল তুলে কথা বলতে দেখা যায়।

মেসি তখন রেফারিকে বলেন, “আমাকে সম্মান দিয়ে কথা বলুন।” এরপরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। ফ্রি-কিক নেওয়ার পর টিভি ক্যামেরায় দেখা যায়, মেসি আবারও রেফারির কাছে গিয়ে কথা বলছেন। ঠোঁটের ভাষা বিশ্লেষণ করে ধারণা করা যায়, মেসি বলছিলেন, “আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনাকে সম্মান দিয়েই কথা বলেছি।”

তবে পুরো ঘটনায় মেসিকে উত্তেজিত হলেও সংযত আচরণ করতে দেখা যায়। কড়া ভাষায় নিজের অবস্থান জানালেও তিনি শান্ত ছিলেন এবং হাত পেছনে রেখে রেফারির সঙ্গে কথা বলেন। ম্যাচের এই মুহূর্তটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, অধিনায়ক হিসেবে নিজের সম্মান ও দলের মর্যাদা রক্ষায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন মেসি।

জোয়াও পেদ্রো পিনেইরো পর্তুগালের ভিলা নোভা দে ফামালিসাওয়ের বাসিন্দা। ৩৮ বছর বয়সী এই রেফারি ইউরোপের উদীয়মান রেফারিদের একজন হিসেবে পরিচিত। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ ফুটবল লিগে অভিষেক হয় তার। এর এক বছর পর তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি-রেফারির এই বাকবিতণ্ডা ম্যাচের ফলাফলের পাশাপাশি আলাদা আলোচনার জন্ম দিয়েছে।