ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত


ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মতিউর রহমান প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বক্তব্যে তিনি বলেন, শুধু সভা-সেমিনারের মাধ্যমে পরিবেশ রক্ষা সম্ভব নয়, এজন্য মানুষের আচরণগত পরিবর্তন প্রয়োজন। নিজেদের নাগরিক দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণের পেছনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অসচেতন কর্মকাণ্ডও দায়ী।

তিনি বলেন, ফুটপাত দখল, যেখানে-সেখানে ময়লা ফেলা এবং নাগরিক দায়িত্ব পালনে অনীহা দূর করা না গেলে পরিবেশবান্ধব নগর গড়ে তোলা কঠিন। অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা ঠিক থাকলে স্বাভাবিকভাবেই শব্দদূষণও কমে আসবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পণ্যের ব্যবহার কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তাপপ্রবাহ, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়বে। এ কারণে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান বৃক্ষ সংরক্ষণ করতে হবে। সরকার ঘোষিত ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি সফল করতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর মহাপরিচালক ফরিদ আহমদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ।

স্বাগত বক্তব্যে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমুল হুদা বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব জীবনযাপন, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, পরিবেশবিদ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।