
দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই গড়ে তোলা হবে এই কারখানা। একইসঙ্গে উত্তরাঞ্চলে দেশের প্রথম বিমানঘাঁটি স্থাপনের কাজও এগিয়ে চলছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে ড্রোন উৎপাদন কারখানা নির্মাণ করা হবে।
প্রতিমন্ত্রী জানান, দেশের উত্তরাঞ্চলে এখনো আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। বিমানবন্দরের পাশেই ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হবে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে মোতায়েন করা হবে।
উল্লেখ্য, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ অতীতেও নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এবার নতুন পরিকল্পনার অংশ হিসেবে বিমানবন্দর উন্নয়ন, বিমানঘাঁটি স্থাপন এবং ড্রোন উৎপাদন কারখানা নির্মাণের কাজ একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :