
দলীয় শৃঙ্খলা ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে যুবদলের প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।
যুবদল সভাপতি বলেন, জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে। সংগঠনটি কোনো ধরনের বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। দলীয় নীতি ও শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন সফল করতে গিয়ে যুবদলের ৭৮ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়া বহু নেতাকর্মী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাজারো নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আপনার মতামত লিখুন :