বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শিবালয়ে সড়ক অবরোধ, মহাসড়কে দীর্ঘ যানজট


মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শিবালয়ে সড়ক অবরোধ, মহাসড়কে দীর্ঘ যানজট

সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা কার্যকর, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

বুধবার (৮ জুলাই) সকালে শিবালয় উপজেলার নবগ্রামে অবস্থিত হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ৩০০ শ্রমিক উথলী-পাটুরিয়া সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সড়কটি ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়।

শ্রমিকদের অভিযোগ, গত ৭ এপ্রিল ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশ করা হলেও কারখানা কর্তৃপক্ষ এখনো তা বাস্তবায়ন করেনি। এছাড়া বেতন-ভাতা বৃদ্ধির দাবি তোলায় কয়েকজন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। কয়েকজন কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তুলে ধরেন আন্দোলনকারীরা।

শ্রমিকদের ভাষ্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেলেও সরকারি নির্দেশনা অনুযায়ী বেতন সমন্বয় করা হয়নি। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।