প্রবল বর্ষণে পানির নিচে রেললাইন, আটকা পড়েছে ৮‘শর বেশি যাত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
প্রবল বর্ষণে পানির নিচে রেললাইন, আটকা পড়েছে ৮‘শর বেশি যাত্রী

চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় রেললাইনে পানি জমে গেলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ষোলশহর স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ভারী বৃষ্টিপাতের কারণে রেললাইনের ওপর পানি জমে যায়। ফলে ইঞ্জিনে পানি প্রবেশ করে যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি বিবেচনায় চালক ট্রেনটি থামিয়ে দেন। এরপর থেকে ট্রেনটি ওই এলাকায় অবস্থান করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রেললাইনের পানি কমে যাওয়া এবং নিরাপদ চলাচলের উপযোগী পরিবেশ তৈরি হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রেলওয়ে কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।