আশুলিয়ায় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী মতবিনিময় সভা 


স্টাফ রিপোর্টার, নাসিম খান প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
আশুলিয়ায় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী মতবিনিময় সভা 

ঢাকার সাভারের আশুলিয়ায় উৎসবমুখর পরিবেশে ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী মো. দেলোয়ার হোসেন (মিন্টু)-এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আশুলিয়ার গণকবাড়ী এলাকায় অবস্থিত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের (AERE) কলোনি কর্মচারী ক্লাবে এ সভার আয়োজন করা হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ক্লাবের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ্ব মো. ইদ্রিস আলী মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোরশেদ মোল্লা, বিএনপি নেতা মো. কামাল মিয়া এবং আলহাজ্ব মো. সেলিম মিয়া। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর প্রতি সমর্থন জানান।

মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে মেম্বার প্রার্থী মো. দেলোয়ার হোসেন মিন্টু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা যদি আগামী নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে ৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। জনগণের সেবক হিসেবে সব সময় আপনাদের পাশে থাকতে চাই।”

তিনি ওয়ার্ডের উন্নয়ন, সুশাসন এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে সকলের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ভোটার ও স্থানীয় বাসিন্দারা প্রার্থী মিন্টুর উন্নয়নমূলক পরিকল্পনার প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তাকে সমর্থনের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি ও সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।