
মানিকগঞ্জের সদর উপজেলার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাকের হেলপারও রয়েছেন। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও সাভারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোলড়া এলাকায় আকিজ টেক্সটাইল ও আকিজ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ বিকট শব্দে ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি মহাসড়কের পাশে রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে ছিলেন দুই শিক্ষার্থী, নিহত নারী কামনা রানী এবং ট্রাকের চালকের সহকারী (হেলপার)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কামনা রানীকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির সামনের চাকা বিস্ফোরিত হওয়ার পরই চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে ট্রাকটি সড়কের পাশে অপেক্ষমাণ পথচারীদের ওপর উঠে গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। িখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। ট্রাকটি থানায় নিয়ে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :