উদ্ধার অভিযান চলছে

জিয়ানগরে ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে জেলে নিখোঁজ


ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
জিয়ানগরে ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে জেলে নিখোঁজ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ব্রিজসংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহালুম ব্যাপারি (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাহালুম ব্যাপারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান মেলেনি।

জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বরিশাল থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আরও ব্যাপক পরিসরে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।