
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। যদিও পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর প্রাণহানি ঘটেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০১ জন শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৩২ জন। অর্থাৎ একদিনেই হাম ও এর উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩ জনে।
চিকিৎসা পরিস্থিতির তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে নতুন করে ৭০৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৭৫ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ জন।
এ সময়ে মোট ৮৭ হাজার ৯৬৬ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ৮৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :