
গাজীপুরের শ্রীপুর উপজেলার খিলপাড়া বালিকা দাখিল মাদ্রাসায় চারতলা ভিত্তিসম্পন্ন একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস. এম. রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির আজাদ মণ্ডল, মোসলেম উদ্দিন মৃধা, আবু জাফর, মোক্তারুল করিম শামীম, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সুপার মাওলানা মো. ছোহরাব উদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত ও আধুনিক পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। জানা যায়, রাজস্ব কোড নং-৭০১৬-এর আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাকিল ট্রেডার্স।
বক্তারা বলেন, সরকারের শিক্ষা অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ভবন নির্মাণ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবনটি নির্মিত হলে শ্রেণিকক্ষ সংকট নিরসনসহ শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :