এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন আজিজ আল কায়সার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন আজিজ আল কায়সার

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ড ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দ্বিতীয়বারের মতো আজিজ আল কায়সারকে ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে তার ধারাবাহিক ভূমিকা ও অবদানের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজিজ আল কায়সারের নেতৃত্বে এনএসইউতে সুশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতি তার অঙ্গীকার বিশ্ববিদ্যালয়কে আরও গতিশীল করেছে।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশ-বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

পুনর্নির্বাচনের পর প্রতিক্রিয়ায় আজিজ আল কায়সার বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অগ্রযাত্রা দীর্ঘদিনের পরিকল্পনা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। বোর্ডের আস্থা পুনরায় পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে তার অব্যাহত দায়িত্ব পালন বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি এনএসইউর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান প্রয়াত এম. এ. হাশেমের সন্তান। এম. এ. হাশেম ছিলেন দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা।

করপোরেট খাতে দীর্ঘ অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার উন্নয়নে সক্রিয় ভূমিকার কারণে আজিজ আল কায়সার নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।