
প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে সরকার এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে গুণগত পরিবর্তন আনতে হবে। চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকরভাবে চালু করা গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেকাংশে কমে যাবে। এতে চিকিৎসা সেবার মানও উন্নত হবে।
অর্থমন্ত্রী জানান, সরকার প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত বিষয়কে গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্য খাতেও একই নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে প্রস্তুত, তবে সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বৈশ্বিক সেরা চর্চা অনুসরণ করা জরুরি এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
চমেক হাসপাতালে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :