আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা আজ

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ শনিবার (৪ জুলাই) দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক জনসমাগম। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত ও অনুরাগীর তেহরানের দিকে যাত্রার মধ্য দিয়ে দাফন ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান ঘিরে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে।

বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে জানা গেছে, তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা সকাল ৬টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এর আগেই রাজধানীসহ বিভিন্ন শহর থেকে আগত মানুষজন সেখানে প্রবেশের অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকেন। কর্তৃপক্ষের ধারণা, এ জানাজা ও দাফন অনুষ্ঠান ইরানের ইতিহাসে জনসমাগমের নতুন রেকর্ড গড়তে পারে।

মেহের নিউজ জানায়, তেহরানসহ বিভিন্ন প্রদেশ থেকে মানুষ রাত থেকেই রওনা হয়ে গ্র্যান্ড মোসাল্লার আশপাশে অবস্থান করছেন। ভোরের আগেই সেখানে শোক, শ্রদ্ধা ও আবেগের এক অনন্য পরিবেশ তৈরি হয়। এর আগে ইরানের কর্তৃপক্ষ জানায়, খামেনির দাফন উপলক্ষে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও আনুষ্ঠানিক কর্মসূচি চলছে। ইরান ও ইরাকের অন্তত পাঁচটি শহরে ধারাবাহিকভাবে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে ৪ ও ৫ জুলাই তেহরানে সর্বসাধারণের জন্য শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। গ্র্যান্ড মোসাল্লায় কফিন রাখা হয়েছে, যেখানে পরিবারের সদস্যসহ দেশি-বিদেশি প্রতিনিধি ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। পরবর্তী ধাপে ৬ ও ৭ জুলাই তেহরান থেকে কোম শহর পর্যন্ত শোভাযাত্রার পরিকল্পনা রয়েছে। শিয়া ধর্মীয় শিক্ষার অন্যতম কেন্দ্র কোমে খামেনির প্রতি বিশেষ ধর্মীয় আয়োজন করা হবে।

৮ জুলাই ইরাকের নজফ ও কারবালায় আনুষ্ঠানিক শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে। শিয়া ইসলামের পবিত্র স্থান হিসেবে পরিচিত এই দুই শহরে প্রতিবছরই বিপুলসংখ্যক তীর্থযাত্রী সমবেত হন। সর্বশেষ পর্যায়ে ৯ জুলাই মরদেহ ইরানের মাশহাদে দাফন করা হবে, যা খামেনির জন্মস্থান এবং তার ব্যক্তিগত ও ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি শহর।

আয়োজকরা জানিয়েছেন, এই দাফন অনুষ্ঠান শুধু একটি রাষ্ট্রীয় আয়োজন নয়, বরং ধর্মীয় ও ঐতিহাসিক আবেগের সম্মিলন, যা ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।