
পঞ্চগড়ের বোদা উপজেলায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
গত বুধবার (১ জুলাই) রাত প্রায় ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে কুকিল চন্দ্র স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে খুশি রানী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় এবং ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাবা-মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়দানদিঘী হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে ট্রাক্টরসহ ধীরগতির ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
আপনার মতামত লিখুন :