কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নজরুল কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের যাপিত জীবনের অংশ এবং সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক। তাঁর মতে, নজরুলের সাহিত্য ও সংগীত অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি বৈষম্যহীন সমাজ গঠনে সরকার কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে থাকবে। তিনি নজরুলের সাম্যবাদী চেতনা ও মানবিক মূল্যবোধকে বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি ‘নজরুল বর্ষ’ উদযাপনে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নজরুল গবেষক ও শিল্পীদের বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে নজরুলের সাহিত্য ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। আগামী এক বছরজুড়ে সাহিত্য সম্মেলন, গবেষণা, সাংস্কৃতিক উৎসব, নাট্যোৎসব ও চিত্র প্রদর্শনীর মতো নানা কর্মসূচি আয়োজন করা হবে। সবশেষে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।