দেশে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আপিল বিভাগ রায় দিয়েছে এবং আপিল গ্রহণ করা হয়েছে। ফলে এই নিয়োগ প্রক্রিয়া এখন বাস্তবায়নের পথে এগোবে।
তিনি বলেন, একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে, যা দেশের শিক্ষা খাতে বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
এহছানুল হক মিলন আরও বলেন, সকালে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। তবে শিক্ষা ব্যবস্থায় ইতোমধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) কর্মসূচির আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে, যা শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :