ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। একই সময়ে নতুন করে ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার (২৯ জুন) একদিনে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। এ সময়ে সেখানে ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন পাঁচজন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে মোট ছয়জন এবং বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।