ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ 

গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১ জুলাই) উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এ বিশেষ দিনটি পালন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে ৯টায় বিভিন্ন আবাসিক হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা নিয়ে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিভিন্ন হলের পতাকা উত্তোলনের পাশাপাশি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে টিএসসি মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই মাত্র তিনটি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক এবং ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এক শতাব্দীরও বেশি সময় ধরে উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি, গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের রাজনৈতিক-সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উৎকর্ষ ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।