
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভেলামারী এলাকায় দ্রুতগতির একটি পিকআপের চাপায় দুই প্রথম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা মাদারগঞ্জ–জামালপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্রামের বাসিন্দা মো. শাওন (৭) ও মো. জিহাদ (৭) বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত শাওনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর শিক্ষার্থী জিহাদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দায়ী চালকের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে মাদারগঞ্জ–জামালপুর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, আহত শাওনের পারিবারিক অবস্থা অত্যন্ত অসচ্ছল এবং তার বাবা মৃত হওয়ায় চিকিৎসা ব্যয় নিয়ে পরিবারটি চরম সংকটে পড়েছে। তারা আহত শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :