যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র ১৮ জুনের সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে এবং এক পক্ষের অবস্থান অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভর করবে।

সোমবার (২৯ জুন) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘এই সমঝোতা একটি পারস্পরিক বিষয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।’

তিনি আরও বলেন, অযৌক্তিক বক্তব্য ও হুমকির মুখে ইরানের নীতি যুক্তিবোধ, মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ় ও নির্ভীক পদক্ষেপ গ্রহণের ভিত্তিতে পরিচালিত হয়। ইরান শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দিলেও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

পেজেশকিয়ানের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ওই সমঝোতার মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক সংঘাতের অবসান ঘটে এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে উত্তেজনা কমানোর একটি প্রাথমিক কাঠামো নির্ধারণ করা হয়।

সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, তেল রপ্তানি স্বাভাবিক রাখা এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আরও বিস্তৃত রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে ভবিষ্যৎ আলোচনা এই সমঝোতার প্রাথমিক ধারাগুলোর সফল বাস্তবায়নের ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ইরানের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, এই সমঝোতা একতরফা নয়; বরং পারস্পরিক প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে উঠেছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি নিজেদের অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে পুরো সমঝোতা প্রক্রিয়া এবং ভবিষ্যৎ আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।