
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কমরুল হাসান ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাকে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সার্কেল অফিস প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও কর্মপরিবেশ সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় তিনি সার্কেল অফিসের সার্বিক দায়িত্ব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন, থানা ও সার্কেল অফিসকে জনসেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পরিদর্শনকালে তিনি সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার, মামলার অগ্রগতি, সেবার মান এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। পাশাপাশি অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সার্কেল অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :