ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার (১ জুলাই) থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য নির্ধারণ করে দেবে।

আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই নতুন টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের নির্দিষ্ট সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ধারাবাহিকভাবে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। ফলে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আলাদাভাবে কোনো টাইম স্লট বেছে নিতে হবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করতে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ কপিতে উল্লেখ করা নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকতে হবে।

আইভ্যাক আশা করছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।