বাবা ও সৎভাইকে হত্যার ঘটনায় দুই ছেলে চট্টগ্রামে গ্রেফতার


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
বাবা ও সৎভাইকে হত্যার ঘটনায় দুই ছেলে চট্টগ্রামে গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি বিরোধের জেরে বাবা ও সৎভাইকে হত্যার ঘটনায় দুই ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব (১৯)।

র‍্যাব-১৩ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে গত ২৯ জুন দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকার আকমল আলী রোড থেকে প্রধান আসামি সাদেকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে একই দিন রাত ৯টা ১০ মিনিটে পৃথক অভিযানে একই এলাকা থেকে অপর আসামি সাকিবকে আটক করা হয়। তারা নিহত শহিদুল হক দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান।

র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও পারিবারিক বিরোধ নিয়ে শহিদুল হক দুলুর সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর সন্তানদের বিরোধ চলছিল। গত ১৩ মে ২০২৬ সকালে ভুট্টাক্ষেত থেকে ফসল তোলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাদেকুল ঘর থেকে বল্লম ও ছুরি নিয়ে এসে বাবার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সৎভাই কাবিলকেও ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

ঘটনার পর নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর ছেলে হাবিবুর রহমান (হাবিল) বাদী হয়ে চিরিরবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।