ঢাকায় ব্রাজিল সমর্থককে ১৫ দিনের কারাদণ্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
ঢাকায় ব্রাজিল সমর্থককে ১৫ দিনের কারাদণ্ড

রাজধানীর রামপুরা এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ, বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা থানার বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট মোজাম্মেল হক। এ সময় সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা ঢাকা মেট্রো-ন-২১-৮৬৭১ নম্বরের একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়ার উদ্দেশ্যে তিনি ভিডিও ধারণ করেন।

এ সময় পিকআপটির চালক কর্তব্যরত সার্জেন্টের পথরোধ করে তারও ভিডিও ধারণ করেন। পুলিশ জানায়, সার্জেন্ট ঘটনাস্থল ত্যাগ করার সময় ওই ব্যক্তি বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। পরবর্তীতে তিনি তার পরিচালিত ‘রোড স্কোপ ঢাকা’ নামে ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যসম্বলিত একটি ভিডিও প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা থানার আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। পরে তাকে রামপুরা থানার মাধ্যমে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ডিএমপি জানিয়েছে, দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে বাধা দেওয়া, তাদের সঙ্গে অসদাচরণ করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।