তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যসহ উত্তরাঞ্চলের মানুষের তিস্তা নদী ও পানি সংকট নিয়ে যে উদ্বেগ রয়েছে, সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এর স্থায়ী সমাধানে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বিএনপি সরকার বরাবরই কৃষি ও কৃষকবান্ধব সরকার হিসেবে কাজ করেছে। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তারেক রহমান বলেন, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বর্ষায় অনেক এলাকায় পানি থাকলেও শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের পানি পান না। এ সমস্যা সমাধানে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।

কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, চলচ্চিত্র, থিয়েটার, সংগীত, ওটিটি, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যার খাতকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। ক্রীড়াঙ্গন উন্নয়নে খেলোয়াড়দের জন্য জাতীয় সম্মানী কাঠামো চালুর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের কাছে খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা কারিকুলামে খেলাধুলাকে আলাদা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ চলছে।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষই দেশের সবচেয়ে বড় সম্পদ। যুবসমাজের স্বপ্নের একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।