
কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে নতুন ভবনের মেডিসিন বিভাগে তার চিকিৎসা শুরু হয়।
দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, মুন্সিগঞ্জ জেলা কারাগারে অবস্থানকালে সোমবার সকালে ডা. দীপু মনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে অসুস্থ বোধ করলে তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ডা. দীপু মনি। নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা তার প্রয়োজন হয়। অসুস্থতা অনুভব করার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় স্থানান্তর করা হয়। তবে তার অবস্থা গুরুতর নয় বলেও জানান তিনি।
ডা. দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলটির নেতৃত্বাধীন সরকারের সময় তিনি পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা দেশ ছাড়লে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বহু নেতা আত্মগোপনে যান। পরবর্তী সময়ে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে কেউ কেউ বর্তমানে কারাগারে রয়েছেন।
আপনার মতামত লিখুন :